বকেয়া পরিশোধ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে বিস্তারিত তথ্য চায় জাতিসংঘ

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ঠিক কবে এবং কতটুকু বকেয়া বাজেট পরিশোধ করবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় আছে বলে সোমবার জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহের মধ্যে বাকি পড়া অর্থের প্রথম কিস্তি পরিশোধ করবে বলে গত সপ্তাহে প্রতিশ্রুতি দেওয়ার পর জাতিসংঘ এ বিষয়ে বিস্তারিত জানতে চাইল। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে বলেন, আমরা বিবৃতিগুলো দেখেছি। খবর বিডিনিউজের।

মহাসচিব এ বিষয়ে বেশ কিছুদিন ধরে রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমাদের বাজেট কন্ট্রোলারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা এখন সুনির্দিষ্টভাবে দেখতে চাই ঠিক কবে এবং কতটুকু বকেয়া পরিশোধ করা হয়। গত ২৮ জানুয়ারি সদস্য রাষ্ট্রগুলোকে লেখা এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছিলেন যে, বকেয়া আদায় না হওয়ায় সংস্থাটি আসন্ন আর্থিক ধসের ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের কর্মকর্তাদের তথ্যমতে, সংস্থাটির নিয়মিত বাজেটে অনাদায়ী বকেয়ার ৯৫ শতাংশেরও বেশি যুক্তরাষ্ট্রের কাছে পাওনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভ্যালেন্টাইনে কুমার বিশ্বজিতের একক কনসার্ট
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৪০ কোটি টাকা