ফটিকছড়ি উপজেলার খিরাম ও ধর্মপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত সর্তা খালে অবৈধ বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। এছাড়া অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। গতকাল শনিবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলী পয়েন্টে এই যৌথ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সর্তা নদী থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি অবৈধ ড্রেজার মেশিন এবং বালু পরিবহনের প্রায় ২ হাজার ফুট পাইপ ঘটনাস্থলেই বিকল ও বিনষ্ট করে দেওয়া হয়। অভিযানকালে নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে তুলে রাখা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করে পুলিশ। জব্দকৃত এই বালু পরবর্তীতে উন্মুক্ত নিলামে বিক্রয় করার নিমিত্তে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, সর্তা নদীর পরিবেশ ও ভাঙন রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।












