ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী মোবারকসহ গ্রেপ্তার ৪

| বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৩:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঞ্চল্যকর জামাল উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং কুখ্যাত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী মোবারকসহ চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ আগস্ট রাতে উপজেলার লেলাং এলাকায় অভিযান চালিয়ে ফটিকছড়ি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের আগে আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবারকসহ এই চক্রটিকে আটক করতে পুলিশ বেশ কিছুদিন ধরেই বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ২৬ আগস্ট রাতে লেলাং এলাকায় তাদের অবস্থানের খবর পেয়ে ফটিকছড়ি থানার একটি বিশেষ দল চারপাশ থেকে ঘেরাও করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে ধাওয়া করে তাদের শেষ রক্ষা হতে দেয়নি এবং কয়েকটি অস্ত্রসহ মোবারক ও তার ৩ সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমরা এখনো মাঠপর্যায়ে অভিযানে আছি। অভিযানের স্বার্থে এবং তদন্তের সুবিধার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান শেষ হলে পরবর্তীতে প্রেস ব্রিফিং বা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনসহ সংশ্লিষ্ট ধারায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফেরা হলো না ছানোয়ারার, জেদ্দা থেকে চট্টগ্রামে আসার পর পথে মাস্কাটে মৃত্যু