‘জুলাই বিপ্লব : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রকৌশলী নেতৃবৃন্দের সঙ্গে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগর জামায়াতের কার্যালয় বিআইএ কনফারেন্স রুমে সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী এবং ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার রুহুল আমিন।
প্রধান অতিথি বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকট উত্তরণে সংবিধান সংস্কার কমিটির অধিবেশন অনতিবিলম্বে আহ্বান করা প্রয়োজন। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন, জাতীয় সংকট নিরসন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে প্রকৌশলী সমাজকে আরও দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইয়াছিন, ইঞ্জিনিয়ার কে এম ইসহাক, ইঞ্জিনিয়ার আব্দুল কাদের সিদ্দিকী, ইঞ্জিনিয়ার নাজিম ইবনে সৈয়দ, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, ইঞ্জিনিয়ার আবদুল কাদের সিদ্দীকি। প্রেস বিজ্ঞপ্তি।










