প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলী

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পরিচালিত অনুষ্ঠান আয়োজন, ব্যবস্থাপনা ও শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনাবলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদিরের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা এ নির্দেশনাবলী উপাচার্যের কাছে হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর অনুপ কুমার বিশ্বাস, তাসনিম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ রকিবুল হোছাইন, মোহাম্মদ হাসান ও রাহুল চৌধুরী উপস্থিত ছিলেন।

নির্দেশনাবলীতে বিশ্ববিদ্যালয়ে যেকোনো অনুষ্ঠান আয়োজনের পূর্বে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ, অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র নির্ধারিত সময়ে দাখিল, অনুমোদিত অনুষ্ঠানসূচি ও সময়সূচি অনুসরণ এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন না ঘটানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আরো রয়েছে অনুষ্ঠান পরিচালনায় শালীনতা, মর্যাদা ও বৈষম্যহীনতা বজায় রাখা, শব্দের মাত্রা নিয়ন্ত্রণ, ছবি, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল প্রচার, শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি গঠন এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের তত্ত্বাবধান নিশ্চিত করার বিষয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শৃঙ্খলা, একাডেমিক পরিবেশ ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী অনুমোদিত কোনো অনুষ্ঠান স্থগিত, সময় বা স্থান পরিবর্তন কিংবা বাতিল করতে পারবে।

পাশাপাশি নির্দেশনাবলি বা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি, সংগঠন বা আয়োজক কমিটির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেসিআই চট্টগ্রামের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধধর্মীয় অনুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী