ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড প্রান্তিক পর্যায়ের কৃষক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই বাস্তবতা অনুধাবন করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রায় সাড়ে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করেছেন। এতে প্রমাণ হয় বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার। সমপ্রতি ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর হাটহাজারীর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে সরকার যাত্রা শুরু করলেও কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করেছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সুলভ মূল্যে সার, বীজ ও কৃষিপণ্য সংগ্রহের পাশাপাশি সহজ শর্তে ব্যাংক ঋণ নিতে পারবেন। এছাড়া প্রতিটি উপজেলায় কৃষিপণ্য সংরক্ষণের জন্য মিনি হিমাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপ–সহকারী কৃষি কর্মকর্তা হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জেলা কৃষকদলের নেতা লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল এবং কৃষক সেলিম শিকদার।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ, হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মো. শামসুল আলমসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।











