পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ‘সবুজ ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তি’ শীর্ষক এক সেমিনার গতকাল বুধবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম। শুরুতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম চুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও গার্ড অব অনার প্রদান করা হয়। চুয়েটের ভিসি নিযুক্ত হওয়ার পর প্রথমবারের মত শৈশবের নিজ বিদ্যাপীঠে এসে শিক্ষক ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ড. আবু সাদাত মো. সায়েম। সেমিনারে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং সেমিনারের শুরুতে বিদ্যালয়ের স্কাউটস টিমের অভিভাবদন গ্রহণ করেন। বক্তারা বলেন, বর্তমান বিশ্ব জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীবাশ্ম জ্বালানির সীমাবদ্ধতার মতো বড় চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সংকট মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের অপরিহার্য দাবি। বাংলাদেশ ইতোমধ্যে সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, বায়োগ্যাস এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার আরও সমপ্রসারণ করা সম্ভব। এতে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। নরওয়ে দূতাবাসের সহযোগিতায় এবং আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ সেমিনারে বিভিন্ন শ্রেণি– পেশার প্রতিনিধিরা অংশ নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নুরুল আমিনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন নরওয়ে দূতাবাস, ঢাকার প্রতিনিধি প্রফেসর হেনরিক এংমো এবং লিনিয়া ডাল। উপস্থিত ছিলেন নরওয়ে দূতাবাসের ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড অ্যাডভাইজার সাঈদ মুনতাছির বায়োজিদ, প্রকৌশলী প্রমিত ঘোষ, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পীযূষ কান্তি পাল, সিনিয়র শিক্ষক আবদুল মোতালেব, প্রাক্তন ছাত্র মিসকাত আহমদ এবং জুলাই যোদ্ধা আবদুল বারেক প্রমুখ। বক্তারা বলেন, সরকারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, গবেষক এবং তরুণ সমাজ সম্মিলিতভাবে কাজ করলে একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সমপ্রসারণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।












