চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ তথ্য জানিয়েছেন।
বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীনে মোট ৭৩ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ৭২ হাজার ৫২৩ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩৪০ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১ দশমিক ৮১ শতাংশ।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রাম জেলায় ৫৭ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ হাজার ৫৭০ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৯৬৪ জন। কক্সবাজারে ৯ হাজার ১২৭ জনের মধ্যে অংশ নেয় ৮ হাজার ৯১৮ জন, অনুপস্থিত ২০৯ জন। রাঙামাটিতে ৪ হাজার ১৭ জনের মধ্যে ৩ হাজার ৯৩২ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ৮৫ জন। খাগড়াছড়িতে ৩৫৩ জনের মধ্যে ৩৪৬ জন পরীক্ষায় অংশ নেয়, অনুপস্থিত ৭ জন। আর বান্দরবানে ২ হাজার ৬৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৫৭ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ৭৫ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী বোর্ডের আওতাধীন পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, প্রতিবছরই কিছু শিক্ষার্থী বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নেয় না। কারও বিয়ে হয়ে যায়, কেউ কর্মসংস্থানের জন্য অন্যত্র চলে যায়। তবে এবার অনুপস্থিতির হার তুলনামূলক বেশি। তিনি বলেন, পরীক্ষায় অংশ নিতে হলে পড়াশোনার বিকল্প নেই–এ বিষয়টি শিক্ষার্থীরা এখন আরও বেশি উপলব্ধি করছে। পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় অনেকেই ফরম পূরণ করেনি বা পরীক্ষায় অংশ নেওয়া থেকে বিরত থেকেছে।









