পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে রাশেদ খান

জুলাই গণঅভ্যুত্থানে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের পাশে রয়েছে সরকার। গতকাল শনিবার দুপুরে পেকুয়া উপজেলার মেহেরনামায় জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের দেওয়া প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে বর্তমান সরকার। একই সঙ্গে গণঅভ্যুত্থানে শহীদ সব পরিবার ও আহতদের পাশে সরকার রয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে সফলতা লাভ করে। এ আন্দোলনের সফলতা বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। রাশেদ খান আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা যেন কোনোভাবেই ম্লান না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে।

জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাই–আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) ২০২৫ সালের ফ্যাক্ট–ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত প্রতিবাদ–সম্পর্কিত ঘটনায় সর্বোচ্চ প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়ে থাকতে পারেন। প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরে জবাবদিহি ও বিচারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে রাশেদ খান পেকুয়ার মেহেরনামায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। সাক্ষাৎকালে ওয়াসিমের বাবা শফিউল আলম, মা জোসনা আক্তারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রাশেদ খান জুলাই গণঅভ্যুত্থানে ওয়াসিম আকরামের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে বরণ করতে পেকুয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

পরে রাশেদ খান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পিতা–মাতার কবর জিয়ারত করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব ছফওয়ানুল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসানউল্লাহ, ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নূরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএআইকে ব্যথা দিতে এআই নির্যাতন কক্ষ বানালেন প্রকৌশলী
পরবর্তী নিবন্ধককপিটে কুঠার দিয়ে পাইলটকে আক্রমণ করেন ফ্লাইদুবাইয়ের কো-পাইলট : ইউএই