কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া এলাকায় একটি মৎস্য ঘেরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতদলের হামলায় ৪ জন আহত হয়েছেন। এ সময় ঘের থেকে বিপুল পরিমাণ মাছ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার করিয়ারদিয়া লম্বাঘোনা এলাকার একটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সংঘবদ্ধ একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মৎস্য ঘেরে প্রবেশ করে। এ সময় ঘেরে থাকা কর্মচারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করলে চারজন গুরুতর আহত হন। পরে ডাকাতরা ঘেরে থাকা বিপুল পরিমাণ মাছ লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহতদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহতরা ঘের কর্মচারী হলেন— নাছির উদ্দিন (৫৫), নোমান (২৫) বাসি (৪০) মোছাদ্দেক (৪২)। তাদের মধ্যে নাছির উদ্দিন ও নোমানের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় মৎস্যচাষীরা দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পেকুয়া থানার পুলিশ জানায়, ডাকাতির ঘটনার বিষয় অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।












