সীতাকুণ্ডের সাগর উপকূলে উদ্ধার মরদেহটির পরিচয় মিলল

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহটির পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম মো. শহিদুল আলম (৩৫)। তার গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে নগরীর হালিশহর এলাকায় বসবাস করতেন। গত ১৩ জুন বাসা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতলের পর্শ্চিমে অবস্থিত সাগর উপকূলে জোয়ারের পানিতে ওই মরদেহটি ভেসে আসে। পরে খবর পেয়ে নৌপুলিশ গাউছিয়া কমিটির সহযোগিতায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। উদ্ধারের পর মরদেহটির পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তার স্বজনরা অজ্ঞাত পরিচয়ের মরদেহটি মো. শহিদুল আলমের বলে শনাক্ত করেন।

কুমিরা নৌপুলিশের এসআই মো. আব্দুল ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‎পেকুয়ায় মৎস্য ঘেরে সংঘবদ্ধ ডাকাতি, মাছ লুট, আহত ৪
পরবর্তী নিবন্ধফ্রান্স সেনেগাল কেউ গোল করতে পারেনি প্রথমার্ধে