নগরীর রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে ধসে পড়া পাহাড়ের চাপে ভেঙে যাওয়া দেয়াল চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম শফিকুর রহমান (৩০)। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। শফিকুর রহমান তখন দুপুরের খাবার খাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায়। তিনি বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামে বসবাস করতেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, একজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। আরো চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
আহতদের মধ্যে একজন মর্জিনা আখতার (৬৫) শফিকুরের শাশুড়ি এবং অপরজন তার দেড় বছর বয়সী কন্যাসন্তান সাইফা বলে স্থানীয় সূত্র জানিয়েছে। অপর দুজনের পরিচয় জানা যায়নি।










