পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সমপ্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। গতকাল শনিবার শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী ও সমপ্রদায়ের ধর্ম–বর্ণ নির্বিশেষে সাংবিধানিক অধিকার রক্ষা, সাংবিধানিক স্বীকৃতি, দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং বৈষম্যহীন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ৩ টি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটি গুলো পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছরের মধ্যে এ ধরনের উদ্যোগ অতীতে কোনো সরকার গ্রহণ করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। লিখিত বক্তব্যে পিসিএনপি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলো নিরলসভাবে কাজ করে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধান, সকল সমপ্রদায়ের অধিকার নিশ্চিতকরণ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। উপস্থিত ছিলেন জেলা নাগরিক পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল এবং পৌর নাগরিক পরিষদের সভাপতি সামশুল হক সামুসহ সংগঠনের নেতৃবৃন্দ।











