দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তিনি বলেন, পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে পতিত স্বৈরাচারের দোসররা রয়েছে বলে আমরা মনে করি। গুজব, অপপ্রচার ও উসকানি ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করে কেউ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিল কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজিমুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের অভিঘাতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার চাপ এবং দেশে জ্বালানি তেল পাচারের ঝুঁকি–সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এমন বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না। তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমদানি করা জ্বালানি তেল প্রতিবেশী দেশগুলোতে পাচার হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। এই বাস্তবতায় সরকারকে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে। আশা করি, দেশের জনগণ বিষয়টির বাস্তবতা বুঝতে সক্ষম হবে। ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মিজানুর রহমান মোস্তফার সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য এম এ সবুর, মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোহাম্মদ হোসেন, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মনজুর আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।











