নেপালি নাগরিকদের ভূটানি শরণার্থী দেখিয়ে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য জাল নথি তৈরির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় নেপালের সাবেক দুই মন্ত্রীকে কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত।
গতকাল আদালতের নথিপত্র ও একজন আইনজীবীর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।
মঙ্গলবার রাতে ঘোষণা করা রায়ে কাঠমাণ্ডুর জেলা আদালত রাষ্ট্রবিরোধী অপরাধ, প্রতারণা ও সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী টপ বাহাদুর রায়ামাজিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন। আর উপপ্রধানমন্ত্রীর এসব অপরাধের সহযোগী হিসেবে কাজ করায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাল কৃষ্ণ খণ্ডকে দিয়েছে দুই বছরের কারাদণ্ড। রায়ামাজি কারাগারে আছেন আর কৃষ্ণ জামিনে বাইরে আছেন।










