বাংলাদেশ আজ উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনীতিসহ নানান ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্ব দরবারে একটি সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে দেশের অবস্থান ক্রমেই সুদৃঢ় হচ্ছে। কিন্তু এই অগ্রযাত্রার মাঝেও কয়েকটি বড় সংকট আমাদের উন্নয়নের পথকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা তার মধ্যে অন্যতম।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অদক্ষ ও বেপরোয়া চালনা, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন অমান্য, সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা এবং পথচারীদের অসচেতনতা। অনেক ক্ষেত্রে দেখা যায়, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণ নেই। আবার অনেক যানবাহন যথাযথ ফিটনেস ছাড়াই সড়কে চলাচল করছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে। অন্যদিকে, মহাসড়কে যত্রতত্র যানবাহন থামানো, অবৈধ পার্কিং, অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন এবং কার্যকর নজরদারির অভাবও দুর্ঘটনা বৃদ্ধির প্রধান কারণ। শহরের পাশাপাশি গ্রামীণ সড়কগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা এখনো অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত। ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছিল। কিন্তু আইন প্রণয়নই যে যথেষ্ট নয়, এর কার্যকর বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেই নয়, রাষ্ট্রের সব ক্ষেত্রেই আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ না হলে কাঙ্ক্ষিত পরিবর্তন অসম্ভব।
সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে হলে প্রথমেই দক্ষ ও প্রশিক্ষিত চালক নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রদানে স্বচ্ছতা ও কঠোরতা বজায় রাখতে হবে। নিয়মিত ফিটনেস পরীক্ষা ছাড়া কোনো যানবাহন সড়কে চলতে দেওয়া যাবে না। ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দল–মত–পরিচয়ের ঊর্ধ্বে উঠে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, সিসিটিভি নজরদারি, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। এটি চালক, মালিক, পথচারী, আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ নাগরিকসহ সকলের সম্মিলিত দায়িত্ব। একটি উন্নত ও মানবিক বাংলাদেশের স্বপ্ন তখনই অনেক দূর বাস্তবে রূপ নেবে, যখন আমাদের সড়কগুলো হবে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও দুর্ঘটনামুক্ত। উন্নয়রনের প্রকৃত সাফল্য কেবল অবকাঠামো নির্মাণে নয়, মানুষের জীবন রক্ষায়। তাই আজ সময়ের দাবি নিয়ন্ত্রণে আসুক ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা।












