কেমিক্যাল মিশিয়ে খাদ্য তৈরি, তৃপ্তি ফুডস প্রোডাক্টকে লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

কেমিক্যাল মিশিয়ে খাদ্য তৈরিসহ বিভিন্ন অপরাধে নগরের আতুরার ডিপোতে মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রামের উপ–পরিচালক ফয়েজ উল্যাহ। একই অভিযানে বিভিন্ন অপরাধে আরো দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, অভিযানে ‘মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্ট’–এ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে কেমিক্যাল রঙ ব্যবহার করে খাবার প্রস্তুত করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া সেখানে খাদ্য দ্রব্যে তেলাপোকার অবাধ বিচরণ ছিল। অভিযানে নকল ডানো ক্রিম বিক্রি, খাদ্য প্রস্তুতে ব্যবহার নিষিদ্ধ, ক্ষতিকর কেমিক্যাল কেওড়া জল, গোলাপ জল ব্যবহার করে বিক্রির অভিযোগে ‘নিউ খাজা আজমির স্টোর’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়াদের তথ্য ব্যতীত পণ্য মোড়কজাত করে বাজারজাত করার অপরাধে ‘মাবিয়া বেকারি’কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি
পরবর্তী নিবন্ধচকরিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, তিনজনকে কুপিয়ে জখম