আমাদের প্রজন্ম আঁধারের দিকে পা বাড়িয়ে,
সভ্যতার নষ্ট নীড়ে বাসা বাঁধে।
অনুজের যাতনা অগ্রজের কান্না হয়ে
অভিশাপের আড়ালে চোখ মুছে।
সভ্যতা হারিয়েছে ভ্রষ্টদের ক্রীড়ানড়কে
জ্ঞানীরা আজ একটি শব্দও বলে না
চোখ তুলে তাকায় না যেন পূর্ণিমা চাঁদের কলঙ্ক।
দীপ্ত প্রহরের রবির এক মুঠো ঝিলিকে
ঘুচে না আঁধার বিপন্ন সংস্কৃতি–সভ্যতায়।
পৃথিবী ঘুরছে অবিরাম ছিটকে পড়ে
হাজার হাজার পুরানো নক্ষত্র।
আজব রঙের পেয়ালায় আমরা চুমুক হানি
মাতাল পৃথিবীর কুলখানিতে মেতে উঠি।
আমরা এগিয়ে যাচ্ছি অস্তমিত সূর্যের
লক্ষ্যহীন দুনিয়ায়, জীর্ণশীর্ণ একটি কোণে–
আলো দূরে ঠেলে অদ্ভুত তিমিরের সন্ধানে।
আমাদের মগজে পচন ধরেছে
আমরা দিন রাতের পার্থক্য আন্দাজ করতে পারি না
যন্ত্রণার লাজুক আতঙ্কে।
সভ্যতার অভিশাপে জন্ম নেয়–
পাপিষ্ট নগরীর বিপন্ন ইতিহাস,
আমাদের প্রজন্মরা কালো গোলাপ নিয়ে
নিষিদ্ধ রজনীর শিহরণে জেগে ওঠে।






