চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৯৩

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৮ হাজার ১৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ৪৪ জনের। এরমধ্যে চলতি নভেম্বরে গতকাল আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত অক্টোবরে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬০৮ এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। এছাড়া সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪০৩ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। আগস্টে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৫৩৬ জনের এবং মৃত্যু হয় দুইজনের। এছাড়া জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারি ২২ জন ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন। এদিকে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৩ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৩২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮ জন, সিএমএইচ হাসপাতালে ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১ জন। অন্যদিকে চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৩ হাজার ৬৪৮ পুরুষ, ২ হাজার ৪৭১ জন মহিলা এবং ১ হাজার ৯৪৯ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।

পূর্ববর্তী নিবন্ধদুদকে পদোন্নতি না পাওয়া ১৯ কর্মকর্তার বিষয়ে ফের গোয়েন্দা প্রতিবেদন
পরবর্তী নিবন্ধলটারি পদ্ধতি বহালের রিট আবেদন খারিজ