আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে সিএস ক্রিকেট একাডেমি এবং চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল ১৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দিনের প্রথম খেলায় সিএস ক্রিকেট একাডেমি ৩ উইকেটে এজে ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। গ্রুপ ‘ই’ এর এই খেলায় টসে জিতে ফিল্ডিং বেছে নেয় সিএস ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করতে নেমে এজে ক্রিকেট একাডেমি ১৯.১ ওভারে ৯৩ রানে অলআউট হয়। দলের পক্ষে অর্পণ দাস অর্ঘ্য ২১, আরিফ চৌধুরী ১৬, মো. সাজ্জাদুল আহমেদ ১৪ এবং মোহাম্মদ রবিউল ১২ রান করেন। সিএস ক্রিকেট একাডেমির বোলারদের মধ্যে তামিনুল ইসলাম ফয়সাল, কাজী রাবি এবং আব্দুল্লাহ নূর প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন। জবাবে সিএস ক্রিকেট একাডেমি ১৬.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ওপেনার ইভান রায়হান ২৫, আতিকুল ইসলাম অনিক ১৬ এবং তামিনুল ইসলাম ফয়সাল অপরাজিত ১৫ রান করেন। এজে ক্রিকেট একাডেমির বোলার মোহাম্মদ রাফি এবং কাজী তাসনিম ২টি করে উইকেট পান।
এছাড়া আরিফ চৌধুরী ১টি উইকেট নেন। ম্যাচ সেরা হন সিএস ক্রিকেট একাডেমির তামিনুল ইসলাম ফয়সাল (১৫ অপরাজিত রান ও ২ উইকেট)। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য সরোয়ার হোসেন বাবু। অপর খেলায় চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমি ১৬ রানের ব্যবধানে বাঁশখালী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। গ্রুপ ‘সি’ এর এই খেলায় টসে জিতে ফিল্ডিং করতে নামে বাঁশখালী ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করতে নেমে চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার মীর হোসেন ৪৭, সৈয়দ এলমান আমিন অপরাজিত ৪৪,হৃদয় হোসেন ২১ এবং আবু বক্কর ১৮ রান করেন। বাঁশখালী ক্রিকেট একাডেমির বোলারদের মধ্যে মোহাম্মদ তামিম ২টি উইকেট পান।

এছাড়া মো. রুবেল, মোহাম্মদ আফিফ এবং মোবারক হোসেন প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন। ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাঁশখালী ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করতে সমর্থ হয়। দলের পক্ষে তাওসিফ উল সামি ৫৯, মো. রুবেল ২৪, মোবারক হোসেন ২৩ এবং মো. তারিকুল ইসলাম ১১ রান যোগ করেন।
চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমির বোলারদের মধ্যে ইফতেখার আহমেদ ৩টি উইকেট পান। এছাড়া হৃদয় হোসেন, তাইর আহমেদ এবং মীর হোসেন প্রত্যেকে ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমির মীর হোসেন (৪৭ রান ও ১ উইকেট)। তার হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড় ওয়ালিউল আবেদীন শাকিল।











