নাশকতা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা রুখে দিতে হবে : নাজিমুর রহমান

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তিনি বলেছেন, দেশের শান্তি–শৃঙ্খলা বিনষ্ট এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এসব তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

গতকাল শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগর বিএনপির ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ–পরবর্তী মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে’ আয়োজিত মিছিলটি নগরীর কাজীর দেউড়ি থেকে শুরু হয়ে গোলপাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। নাজিমুর রহমান বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানের পরও দেশের শান্তি–শৃঙ্খলা বিনষ্টের নানা অপচেষ্টা চলছে বলে বিএনপি মনে করে। তার অভিযোগ, শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এবং দেশের ভেতরে তার অনুসারীদের মাধ্যমে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টা করা হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

মিছিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন ও মঞ্জুর রহমান চৌধুরী, নুর হোসাইন, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেকান্দর, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাশেদ চৌধুরী ও সদস্যসচিব মো. সারোয়ার, বিএনপি নেতা শফিকুল ইসলাম খোকন, নিজামউদ্দিন, শাহজাহান মিন্টু, ফজর আলী, মোহাম্মদ নাসির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে সুপেয় পানির প্ল্যান্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের সাথে চিটাগাং ক্লাবের সমঝোতা স্মারক স্বাক্ষর