রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসা ও দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১৯৯৭ ব্যাচ। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে একটি আধুনিক সুপেয় পানির প্ল্যান্ট স্থাপন করেছে এই ব্যাচটি।গতকাল শুক্রবার সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সুপেয় পানির প্ল্যান্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিক আব্বাস হোসাইন, ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. নাজমুল হাসান ৯৭ ব্যাচের শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।উদ্বোধনী অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামীকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে একটি বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।












