বান্দরবান সরকারি মহিলা কলেজ : বান্দরবান সরকারি মহিলা কলেজে বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষবরণ উদযাপিত হয়। এদিন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালি ছাত্রীরা ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পহেলা বৈশাখ সকাল সাড়ে ৯টায় কলেজের ছাত্রী এবং শিক্ষকমণ্ডলীর বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে মার্মা, ত্রিপুরা, মুরং, চাকমা, ম্রো, বম, তঞ্চঙ্গ্যা এবং বাঙালি ছাত্রীরা ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করে। প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ রেয়াজুল হক ছাত্রীদের নতুন বছরের শুভেচ্ছা জানান এবং পুরাতন বছরের ভুলভ্রান্তি পরিহার করে সামনের পথ চলার আহ্বান জানান। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এনি ত্রিপুরা এবং জয়তরুং ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক ইসতিয়াক হোছাইন সবুজ, বাংলা বিভাগের প্রভাষক রহিমা বেগম এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক প্রিতম দাশ।

রাঙামাটি উদীচী : রাঙামাটি প্রতিনিধি জানান, নানান ভাষার গান, দলীয় নৃত্য ও একক পরিবেশনার মধ্য দিয়ে রাঙামাটিতে বাংলা নতুন বর্ষকে বরণ করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে জেলা শহরের আসামবস্তিস্থ রাঙামাটি পাবলিক কলেজ হলরুমে বর্ষবরণ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদীচী বৃহত্তর তবলছড়ি শাখা। এতে উদীচীর শাখা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি এ্যানি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– জেলা উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার বড়ুয়া, সহ–সভাপতি আশীষ কুমার বড়ুয়া, এম জিসান বখতেয়ার, সাধারণ সম্পাদক সাগর পাল, আইনজীবী বিউটি দত্তসহ আরও অনেকেই।

শুরুতে উদীচীর দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর দলীয় গান, দলীয় নাচ, একক গানসহ তঞ্চঙ্গ্যা, চাকমা, ত্রিপুরাসহ বিভিন্ন ভাষার গান ও গানের তালে নৃত্য পরিবেশ করেন উদীচীর শিল্পীরা। এছাড়া সাংস্কৃতিক আয়োজনের মাঝে–মাঝে বক্তব্য রাখেন অতিথিরা। উদীচীর বর্ষবরণ অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীদের পাশাপাশি উদীচীর বিভিন্ন ইউনিটের সদস্যরাও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। এসময় উদীচী রাঙামাটি জেলা সংসদ ও বিভিন্ন ইউনিট শাখার সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেছেন।

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন : ‘নববর্ষের উল্লাস মানবাধিকারের প্রকাশ শ্লোগান’কে ধারণ করে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসস্থ ‘গানার্স পয়েন্ট’ এ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন বাংলা শুভ নববর্ষ–১৪৩৩ পালন করেছেন। আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মফিজুল হক ভূইঁয়া। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মো. জাফর হায়দার, মহাসচিব মহিউদ্দিন স্বপন, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, চট্টগ্রাম ওমেন চেম্বারের সদস্য ও নারী উদ্যোক্তা বিইসিপি এডমিন রোকসানা রলি, পাকিজা ফিরোজ শিরিন ববি, জেলা সংগঠক ফজলুল করিম মঞ্জুর, নগর আহবায়ক আবু হানিফ ভূইঁয়া, ওমর ফারুক চৌধুরী, বেলাল আহমেদ, আনোয়ার হোসেন, কোতোয়ালী থানার আহবায়ক মুন্না, খুলশী থানার সভাপতি আবদুস সোবহান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নুরু, নান্টু, সেলিম, মহসিন, টিটু, এনাম, নারী নেত্রী কুলসুমা, রিনা, হ্যাপী, জুইঁ, সুমী, প্রমুখ। আয়োজনের মধ্যে ছিল বৈশাখী শোভাযাত্রা গান, নৃত্য, কবিতা আবৃত্তি, র্যাফেল ড্র, পুরষ্কার বিতরণ। এতে নানা শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন।














