চট্টগ্রাম নেছারীয়া কামিল (এম এ) মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর পবিত্র কোরআনের দরস পেশ করতে গিয়ে বলেছেন– ইসলাম নারীকে মর্যাদার শীর্ষ আসনে সমাসীন করেছে। নর–নারী উভয়েই একে অপরের অবিচ্ছেদ্য। নারীকে অবহেলা কিংবা তাচ্ছিল্য করা কোন বিচারেই সমীচীন নয়। অসংখ্য মহীয়সী নারী ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় স্বীয় অর্থ–বিত্ত এমনকি মহামূল্যবান প্রাণ বিসর্জন দিয়ে স্মরণীয়–বরণীয় হয়ে আছেন। ইসলামী আন্দোলনের প্রতিটি মাইলফলকে নারী জাতীর সরব ও সক্রিয় ভূমিকা অদ্যাবধি ইতিহাসে দেদিপ্যমান। আল্লামা কাজী জসিম উদ্দিন বলেছেন– জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন সাধিত হলেও এখনো নারীসমাজ লাঞ্ছিত নির্যাতিত ও নিগৃহীত হচ্ছে প্রতিনিয়ত।
আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের উদ্যোগে গতকাল জুমাবার বিকেল ৩ টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ২ দিনব্যাপী ২৩ তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিলের প্রথম দিনের মহিলা মাহফিলে দরস পেশ করতে গিয়ে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সংস্থার চেয়ারম্যান আল্লামা কাজী জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা মাহফিলে প্রধান মুফাস্িসর হিসেবে উপস্থিত ছিলেন– মুফাসসিরে কোরআন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো–চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন– পবিত্র দরসুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক ছৈয়দ মোহাম্মদ হামেদ হোসাইন, এইচ এম মুজিবুল হক শাকুর। দরস পেশ করেন– অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী, মুফতি মাওলানা জানে আলম নেজামী, শায়খ মাওলানা জাহিদ কাদেরী, অধ্যাপক কাজী মাওলানা শফিউল আজম, মাওলানা মহিউদ্দিন তাহেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন–এস এম আব্দুল করিম তারেক, উপাধ্যক্ষ আল্লামা জাকের আহমদ সিদ্দিকী, মাওলানা স ম শহিদুল হক ফারুকী, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা রফিকুল ইসলাম, কফিল উদ্দীন রানা, এম আহমদ রেজা প্রমুখ। উল্লেখ্য, আজ শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।














