ঈশান মিস্ত্রির হাটে বেহাল সড়ক ও জলাবদ্ধতার প্রতিবাদে মানববন্ধন

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের ঈশান মিস্ত্রির হাট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও অসমাপ্ত সুইচগেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ‘৩৮ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের’ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সংগঠনের আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলম। বক্তারা অভিযোগ করেন, বন্দর এলাকার গুরুত্বপূর্ণ জনপদ ঈশান মিস্ত্রির হাট দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। খাল খনন, গার্ডওয়াল নির্মাণ, ড্রেনেজ সংস্কার ও সড়ক উন্নয়নের অভাবে এলাকাবাসীকে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পুরো এলাকা জলাবদ্ধতায় ডুবে যাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে।

মানববন্ধনে সল্টগোলা রেল ক্রসিং থেকে বাকের আলী ফকিরের টেক পর্যন্ত সড়কটির জরাজীর্ণ দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, রাস্তার ভাঙাচোরা অবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। এর ফলে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না এবং প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে।

অবিলম্বে জলাবদ্ধতা নিরসন, সড়ক মেরামত, ড্রেন নির্মাণসংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ওয়ার্ড জামায়াতের আমীর ডা. হাবিবুর রহমান, জহির উদ্দিন, আব্দুল্লাহ ওমর বাহাদুর, নজির আহমদ সওদাগর, ইমরুল কায়েস, মো. মঈনুদ্দীন, শওকত হোসেন, মো. ফয়সাল হাসান জনি, মো. মনসুর, মো. ইউসুফ, আলী হোসেন বুলু ও মো. মোরশেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী আন্দোলনে নারী জাতির সক্রিয় ভূমিকা অদ্যাবধি ইতিহাসে দেদীপ্যমান
পরবর্তী নিবন্ধনবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির সভা