পৃথিবীর বুকের অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর একটি জায়গা রিয়াজুল জান্নাত। যেনো দুনিয়ার বুকে গচ্ছিত এক টুকরো বেহেশত। যা দেখলে চোখ শীতল হয়ে যায়। যেখানে অবস্থান করলে সিক্ত হয় মুমিনের হৃদয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হুজরা থেকে নিয়ে মসজিদে নববীর মিম্বর পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে তাকেই রিয়াজুল জান্নাত বলা হয়। এ জায়গাটুকুর দৈর্ঘ হচ্ছে ২২ মিটার আর প্রস্থে ১৫ মিটার। দুনিয়াতেই বেহেশতের বাগান। পৃথিবীতে ফজিলত ও গুরুত্বপূর্ণ যেসব স্থান রয়েছে তার একটি মসজিদে নববী।
রিয়াজুল জান্নাত মসজিদে নববীর মূল কেন্দ্র বিবেচনা করা হয়। জায়গাটি মসজিদে নববীর সব থেকে মঙ্গলজনক জায়গা। তাই জিয়ারতকারীরা এখানে নামাজ আদায় ও দোয়ার জন্য ব্যাকুল থাকেন। তবে এখানে পাঠ করার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। রাসুলুল্লাহ (সা.) সবসময় এখানে দোয়া করতেন। তাই দোয়া করাটাই গুরুত্বপূর্ণ আমল। সেটা হতে পারে যে কোনো দোয়া। রিয়াজুল জান্নাত এটি এমন একটি জায়গা যেখানে দোয়া করলে আল্লাহতায়ালা কখনো ফিরিয়ে দেন না। যে কারণে জায়গাটি সবসময় লোকে লোকারণ্য হয়ে থাকে। মুসলিমরা সবসময় ক্ষমা প্রার্থনার জন্য এখানে দুই রাকাত নামাজ আদায়ের চেষ্টা করেন। এখানে একবার নামাজ আদায় বাইরে এক হাজার বার নামাজ আদায়ের সমতুল্য। রিয়াজুল জান্নাতে প্রবেশের জন্য নারী পুরুষদের আলাদা আলাদা প্রবেশদ্বার রয়েছে। পুরুষদের জন্য স্থানটি সাধারণত তাহাজ্জুদের সময় খোলা হয় পরে আবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে যাওয়া যায়। নারীরা সেখানে যেতে পারেন ফজর, জোহর ও এশার নামাজের পর।
রিয়াজুল জান্নাত সম্পর্কে কয়েকটি ব্যাখ্যা রয়েছে। ইবনে হাজাম (রা.) বলেন, রিয়াজুল জান্নাতকে জান্নাতের বাগান বলা হয়েছে রূপকভাবে। ওলামায়ে কেরামরা রূপক অর্থে ব্যবহার করেছেন। তাঁদের মতে এখানে জিকির করলে রহমত ও সৌভাগ্য লাভ করা যায়।
নুরুদ্দিন সামহুদির লেখা অফা আল অফার দ্বিতীয় খণ্ডে বর্ণিত রিয়াজুল জান্নাতে ইবাদত বেহেশতের বাগানে পৌঁছায় এই অর্থে ও তা রূপক অর্থবোধক। আল্লাহ এই স্থানটুকু হুবহু বেহেশতে স্থানান্তর করবেন। এই অংশ অন্যান্য জমিনের মতো নয়। পবিত্র স্থান সম্পর্কে জানিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন ইবাদতের মাধ্যমে তা আবাদ রাখি। মসজিদে নববীর ভেতরের রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগানের অংশে কয়েকটি স্তম্ভ রয়েছে। সেগুলোকে রহমতের স্তম্ভ বা খুঁটি বলা হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তৈরি মসজিদে খেজুর গাছের খুঁটিগুলোর স্থলে উসমানী সুলতান আবদুল মাজিদ পাকা স্তম্ভ নির্মাণ করেন। এগুলোর গায়ে মর্মর পাথর বসানো এবং স্বর্ণের কারুকাজ করা। প্রথম কাতারে ৪টি স্তম্ভের লাল পাথরের এবং পার্থক্য করার সুবিধার জন্য সেগুলোর গায়ে নাম লেখা রয়েছে।
উস্তুওয়ানা হান্নানা (সুবাস স্তম্ভ) : প্রথমদিকে রাসুল (সা.) মিম্বর ছাড়াই খেজুরগাছের একটি কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন। পরবর্তী সময়ে জুমার খুতবা দেওয়ার জন্য দুটি সিঁড়ি ও একটি বসার স্থান তৈরি করা হয়। মিম্বরে নববীর ডান পাশে খেজুরগাছের গুঁড়ির স্থানে নির্মিত স্তম্ভটি। এতে নিয়মিত সুগন্ধি মাখানো হয় বলে একে সুবাস স্তম্ভ বলা হয়। এটি বর্তমানে স্তম্ভ আকারে আর নেই।
উস্তুওয়ানা সারির : সারির অর্থ বিছানা। এখানে রাসুলুল্লাহ (সা.) ইতিকাফ করতেন এবং রাতে আরামের জন্য তাঁর বিছানা এখানে স্থাপন করা হতো। এ স্তম্ভটি হুজরা শরিফের পশ্চিম পাশে জালি মোবারকের সঙ্গে রয়েছে। ইবনে উমর (রা.) থেকে বর্ণিত সেখানে তাঁর জন্য খেজুরপাতার তৈরি মাদুর এবং একটি বালিশ রাখা হতো। বুখারি শরিফে বর্ণিত আছে রাসুলুল্লাহ (সা.) মধ্যস্থতার জন্য এই স্তম্ভের কাছে বিছানা পেতে বসতেন।
উস্তুওয়ানা উফুদ (প্রতিনিধি স্তম্ভ) : বাইরে থেকে আসা বিভিন্ন প্রতিনিধিদল উস্তুওয়ানা উফুদে বসে রাসুলুল্লাহ (সা.) এর সঙ্গে কথা বলতেন। এ স্তম্ভও জালি মোবারকের সঙ্গে রয়েছে। রাসুলুল্লাহ (সা.) আরবের বিভিন্ন প্রতিনিধিদলকে স্বাগত জানাতেন। তিনি তাঁদের কাছে ইসলামের দাওয়াত দিতেন ও এর সৌন্দর্য ব্যাখ্যা করতেন। ফলে বহু গোত্র ইসলাম গ্রহণ করে। এটাকে গণ্যমান্য মজলিশও বলা হয় যেখানে বড় বড় সাহাবায়ে কিরামও বসেছেন। একে প্রতিনিধি স্তম্ভও বলে।
উস্তুওয়ানা আয়েশা (আয়েশা স্তম্ভ) : নবী করিম (সা.) বলেছেন আমার মসজিদে এমন একটি জায়গা রয়েছে লোকজন যদি সেখানে নামাজ পড়ার ফজিলত জানত তাহলে সেখানে স্থান পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। স্থানটি চিহ্নিত করার জন্য সাহাবায়ে কিরাম চেষ্টা করতেন। রাসুলুল্লাহ (সা.) এর ইন্তেকালের পর হজরত আয়েশা (রা.) তাঁর ভাগনে হজরত আবদুল্লাহ ইবনে যুবাইর (রা.) কে সে জায়গাটি চিনিয়ে দেন। এটিই সেই স্তম্ভ। এই স্তম্ভটি উস্তুওয়ানা উফুদের পশ্চিম পাশে রওজায়ে জান্নাতের ভেতর।
উস্তুওয়ানা আবু লুবাবা (তওবা স্তম্ভ) : হজরত আবু লুবাবা (রা.) থেকে একটি ভুল সংঘটিত হওয়ার পর তিনি নিজেকে এই স্তম্ভের সঙ্গে বেঁধে বলেছিলেন যতক্ষণ পর্যন্ত হুজুরে পাক (সা.) নিজে না খুলে দেবেন ততক্ষণ পর্যন্ত আমি এর সঙ্গে বাঁধা থাকব। নবী করিম (সা.) বলেছিলেন যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ আদেশ না করবেন ততক্ষণ পর্যন্ত খুলব না। এভাবে দীর্ঘ ৫০ দিন পর হজরত আবু লুবাবা (রা.) এর তওবা কবুল হলো। অতঃপর রাসুলুল্লাহ (সা.) নিজ হাতে তাঁর বাঁধন খুলে দিলেন। এটি উস্তুওয়ানা উফুদের পশ্চিম পাশে রওজায়ে জান্নাতের ভেতর অবস্থিত।
রিয়াজুল জান্নাতে নামাজ আদায় হজ কিংবা ওমরাহ পালনের কোনো শর্ত নয়। অতএব প্রচন্ড ভিড়ের কারণে যদি আপনি সেখানে যেতে ব্যর্থ হন তাতে কোনো অসুবিধা নেই। শুধু দোয়া করুন যেন আপনি সেখানে যাওয়ার সুযোগ পান। বাকি আল্লাহর ইচ্ছা। দেখা যায় অধিকাংশ মানুষ এখানে তাড়াহুড়ো করে ধাক্কাধাক্কি করে। এর ফলে অনেক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। যা কোনোভাবেই কাম্য নয়। সবুজ গম্বুজের নিচে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক অবস্থিত। উল্লেখ্য পবিত্র মসজিদে নববী (সা.) তথা মহানবী (সা.)’র রওজা পাকের দু’পাশেই রয়েছে নবীজির প্রাণপ্রিয় ছিদ্দীক ইসলামের ১ম খলিফা হযরত আবুবকর (রা.) ও ২য় খলিফা ফারুকে আজম হযরত ওমর (রা.) এর রওজা শরীফ।
মদিনার প্রাণকেন্দ্র হলো মসজিদে নববী। রিয়াজুল জান্নাত পৃথিবীর প্রশান্তিময় জায়গাগুলোর একটি। দুনিয়ার বুকে রিয়াজুল জান্নাত যেন আখিরাতের সেই জান্নাতের বাগানের সদৃশ। সত্যি অপূর্ব। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। উপলব্ধি করা যায় না। কারুকার্য খচিত দেয়ালগুলো আর তারকা সদৃশ ঝাড়বাতিগুলো চোখজুড়ানো সৌন্দর্য ধারণ করে আছে। বড় সাধ জাগে সেখানে গিয়ে সেই রব্বে কারীমের দরবারে ২ রাকাত সালাত পেশ করার। আল্লাহতায়ালা তাঁর প্রিয় হাবিবের রওজা মোবারক, রিয়াজুল জান্নাতসহ নবীজীর স্মৃতি বিজড়িত বরকতপূর্ণ স্থানগুলো সবাইকে জিয়ারতের তাওফিক দান করুন।
লেখক : ইসলামি গবেষক ও কলামিস্ট।












