তিন দিনব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা আজ থেকে নগরীতে শুরু হচ্ছে। আজ ১৭ এবং আগামী ১৮ ও ১৯ মে এ প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশগ্রহন করবে স্বাগতিক চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, রাঙ্গামাটি জেলা, বান্দরবান জেলা ও খাগড়াছড়ি জেলা। প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের ৮ টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হচ্ছে: ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, কাবাডি ও দাবা। আজ সোমবার সকাল ৯.৩০টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক, চট্টগ্রাম জাহেদুল ইসলাম মিয়া ও পুলিশ সুপার, চট্টগ্রাম মাসুদ আলম।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বালক–বালিকাদের তিনটি ইভেন্ট ফুটবল, কাবাডি ও অ্যাথলেটিক্স অনুষ্ঠিত হবে। বালক বিভাগের ক্রিকেট সাগরিকা মহিলা কমপ্লেক্সে ও বালিকা বিভাগের ক্রিকেট ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যাডমিন্টন ইভেন্টটি রাইফেল ক্লাব জিমনেসিয়ামে, সাঁতার জেলা সুইমিং পুলে ও মার্শাল আর্ট সিজেকেএস জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে। বালক–বালিকাদের দাবা ইভেন্ট সিজেকেএস মিলনায়তনে আয়োজন করা হবে। ১৭ ও ১৮ মে বালক ও বালিকা বিভাগের ফুটবল ও ক্রিকেট অনুষ্ঠিত হবে। ১৭ মে কাবাডি ও মার্শাল আর্ট, ১৯ মে ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, দাবা ও সাঁতার অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতাকে সামনে রেখে চট্টগ্রাম জেলা দলের ৮ ইভেন্টের খেলোয়াড় ও কর্মকর্তাদের পদচারণায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ছিল উৎসবমুখর। প্রতিযোগিতারা ভাল ফলাফলের জন্য সকাল বিকাল অনুশীলন করে চলছেন। গত শুক্রবার রাতে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম জেলা দলের ৮টি ইভেন্ট (বালক/বালিকা) দলের সাথে নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম জেলার কর্মকর্তাদের সমন্বয় সভা। জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সঞ্চালনায় সভায় দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। তাছাড়া সাঁতার সহ বিভিন্ন ইভেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জেলা ক্রীড়া অফিসারকে সাথে নিয়ে ভেন্যু পরিদর্শন ও সার্বিক প্রস্তুতিও ঘুরে ঘুরে দেখেন।












