নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর চট্টগ্রাম পর্বে গতকাল সোমবার তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। ১২–১৪ বছরের কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী এ প্রতিযোগিতা অয়োজিত হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় গতকাল তৃতীয় দিনেও বালক–বালিকাদের তিনটি ইভেন্ট ফুটবল, কাবাডি এবং ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ চট্টগ্রাম জেলার ঐ ৩টি ইভেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও সাগরিকা মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ইভেন্টসমূহ আয়োজিত হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী’র সার্বিক তত্ত্বাবধানে বালক ও বালিকাদের কাবাডি ইভেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে কাবাডি ইভেন্টে বালকদের ৭টি ম্যাচ এবং বালিকাদের ৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক বিভাগে বোয়ালখালী ৩২–৩০ পয়েন্টে সন্দ্বীপকে, পাহাড়তলী ৪৩–০৩ পয়েন্টে সাতকানিয়াকে, রাউজান ২০–০০ পয়েন্টে চন্দনাইশকে,বাঁশখালী ৩৬–১৬ পয়েন্টে কর্ণফুলীকে, পাহাড়তলী ৩৩–১৮ পয়েন্টে রাউজানকে, হাটহাজারী ৩০–২২ পয়েন্টে সীতাকুন্ডকে এবং ফটিকছড়ি ৫৬–৩০ পয়ন্টে বোয়ালখালীকে পরাজিত করে। বালিকা বিভাগে বোয়ালখালী ২০–০০ পয়েন্টে সন্দ্বীপকে, পটিয়া ২০–০০ পয়েন্টে সাতকানিয়াকে, রাউজান ২০–০০ পয়েন্টে চন্দনাইশকে, রাউজান ২৭–১২ পয়েন্টে পটিয়াকে, বাঁশখালী ২৭–২৫ পয়েন্টে কোতোয়ালীকে, পাঁচলাইশ ২৬–২৩ পয়েন্টে সীতাকুন্ডকে এবং বোয়ালখালী ৩৭–২৭ পয়েন্টে ফটিকছড়িকে পরাজিত করে।

আজ ৫ এপ্রিল মঙ্গলবার সকালে সেমিফাইনাল পর্ব শেষে বিকালে কাবাডি ইভেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি উপপরিচালক, স্থানীয় সরকার ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) গোলাম মাঈনউদ্দিন হাসান।
ফুটবল ও ক্রিকেট গ্রুপ পর্যায়ের খেলা চলছে। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফুটবল ইভেন্টে বালক বিভাগে ৪টি এবং বালিকা বিভাগে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক বিভাগে কর্ণফুলী ৫–০ গোলে কোতোয়ালীকে, আনোয়ারা ৩–০ গোলে পাঁচলাইশ শিক্ষা থানাকে, লোহাগাড়া ৩– ২ গোলে সন্দ্বীপকে এবং সাতকানিয়া ৪–২ গোলে ফটিকছড়িকে পরাজিত করে। বালিকা বিভাগে পাহাড়তলী ১– ০ গোলে কর্ণফুলীকে,রাউজান ৭–০ গোলে পাঁচলাইশ শিক্ষা থানাকে,লোহাগাড়া ২–০ গোলে সন্দ্বীপকে এবং ফটিকছড়ি ২–০ গোলে সাতকানিয়াকে পরাজিত করে।

সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত গ্রুপ পর্যায়ের ক্রিকেটে বালকদের বিভাগে ৪টি এবং বালিকাদের বিভাগে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। বালক বিভাগে কোতোয়ালী মীরসরাইকে, বায়েজিদ শিক্ষা থানা লোহাগাড়াকে, আনোয়ারা চন্দনাইশকে এবং পাহাড়তলী শিক্ষা থানা হাটহাজারীকে পরাজিত করে। বালিকা বিভাগে মীরসরাই কোতোয়ালীকে, বোয়ালখালী বায়েজিদ শিক্ষা থানাকে,আনোয়ারা কর্ণফুলীকে এবং পাহাড়তলী শিক্ষা থানা হাটহাজারীকে পরাজিত করে।
আগামী ৯ মে ফুটবল এবং ক্রিকেট–এই দুই ইভেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। তাছাড়া ৭ ও ৮ মে চট্টগ্রাম রাইফেল ক্লাবে ব্যাডমিন্টন ও সিজেকেএস সুইমিং পুলে সাঁতার, ৮ ও ৯ মে সিজেকেএস জিমনেসিয়ামে মার্শাল আর্ট, ৮ মে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ সিজেকেএস মিলনায়তনে দাবা ও চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সবকটি ইভেন্টের রিপোর্টিং টাইম সকাল ৯টায়।














