নজরুলের সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে

নজরুল বর্ষের উদ্বোধনীতে বিভাগীয় কমিশনার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৪:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চেতনা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নতুন প্রেরণা জোগাচ্ছে। এই প্রেরণা নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। বিদ্রোহী কবির প্রতিটি কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা জোগায়। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন সাংস্কৃতিক জাগরণের সূচনা হয়েছে। ‘নজরুল বর্ষ’ (২০২৬২০২৭) পালন উপলক্ষে গতকাল সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন। পরে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নজরুল বর্ষ’ উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজ থেকে একশ বছর পূর্বে কবি কাজী নজরুল চট্টগ্রাম এসেছিলেন। এখানে তাঁর অনেক স্মৃতি রয়েছে। তিনি সবসময় অন্যায় ও অবিচারের প্রতিবাদী ছিলেন। বিদ্রোহী কবির এই স্মৃতি, আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করে আগামীতে মানবিক বাংলাদেশ গড়তে চাই। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নজরুল বর্ষ উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ আলফোরকান, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক ও জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। মুখ্য আলোচক ছিলেন লেখক, অনুবাদক ও নজরুল গবেষক আলমগীর মোহাম্মদ। অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী, নজরুল গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ইজিবাইকে মিলল ১০ কোটি টাকার আইস, অস্ত্র ও গুলি
পরবর্তী নিবন্ধজন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের কি আর কোনো পথ আছে ট্রাম্পের?