কক্সবাজারের টেকনাফে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি ইজিবাইক ফেলে পালিয়ে যায়। পরে ইজিবাইকটি থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস, দেশি–বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ–২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, বৃহস্পতিবার ভোররাতে সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া–মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদকদ্রব্য, দেশি–বিদেশি অস্ত্র ও গুলির একটি চালান পাচারের খবরে বিজিবি সদস্যরা বিশেষ অভিযান চালান। একপর্যায়ে সন্দেহজনক কয়েকজনকে একটি ইজিবাইকযোগে সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়। এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইজিবাইকটি সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের ২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এছাড়া ইজিবাইকটির ছাদের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া যায় একটি জি–৩ রাইফেল, একটি দেশীয় তৈরি বন্দুক, একটি ম্যাগাজিন ও ১৩টি গুলি।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মাদক, অস্ত্র ও গুলির চালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। উদ্ধার করা আলামত টেকনাফ থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।











