দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বড়উঠান এবং ডায়নামিক

একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৩ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা গতকাল রোববার শেষ হয়েছে। এ পর্বের শেষ দিনে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড–রবিন লিগ নিশ্চিত করেছে গ্রুপ ‘ই’ থেকে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি এবং গ্রুপ ‘এফ’ থেকে ডায়নামিক ফুটবল একাডেমি। গতকাল টুর্নামেন্টের অন্য দুটি খেলায় জয় পেয়েছে মীরসরাই ফুটবল একাডেমি ও শিকলবাহা স্পোর্টস একাডেমি। প্রথম পর্ব শেষে আগামীকাল মঙ্গলবার থেকে ছয় দলের দুই গ্রুপের দ্বিতীয় পর্ব রাউন্ড রবিন লিগ শুরু হবে। আজ সোমবার টুর্নামেন্টের খেলা এক দিন বিরতি থাকবে। আগামী ৬, ৮ ও ১০ অক্টোবর প্রতিদিন দুপুর ও বিকালে দ্বিতীয় রাউন্ডের ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে মীরসরাই ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪–৩ গোলে পাঠানটুলী ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার নির্ধারিত সময় ১–১ গোলে ড্র থাকায় টাইব্রেকারে ফলাফল নিস্পত্তি করা হয়। খেলার নির্দিষ্ট সময়ে পাঠানটুলীর পক্ষে মুদাশ্বির উদ্দিন নাবিল ও মীরসরাইর পক্ষে কাজী মাহতাব উদ্দিন নিজ নিজ দলের হয়ে গোল করে। এ জয়ে মীরসরাই ৩ খেলা শেষে ৬ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে পাঠানটুলী সমান খেলায় কোন পয়েন্ট পায়নি। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মীরসরাই ফুটবল একাডেমির কাজী মাহতাব উদ্দিন। তার হাতে পুরস্কার তুলে দেন সিটি মেয়রের স্টেডিয়াম প্রতিনিধি ও সাবেক খেলোয়াড় আবদুল আহাদ রিপন। সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ১–০ গোলে রাইজিং স্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের গোলদাতা আরাফাত হোসেন তামিম। তিন খেলার ৩টিতেই জয় পেয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করেছে বড়উঠান। ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। রাইজিং স্টার ফুটবল একাডেমি ৩ খেলা শেষে ৩ পয়েন্ট পেয়ে টুর্নামেন্ট শেষ করেছে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বড়উঠানের আরাফাত হোসেন তামিম। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. হারুণ রশীদ। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায় ডায়নামিক ফুটবল একাডেমি ২–০ গোলে চট্টগ্রাম আবাহনী ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ১টি করে গোল করে আবদুল ওয়াব সোহান ও মাইনুদ্দিন হাসান নোমান। ডায়নামিক ফুটবল একাডেমি তিন খেলার তিনটিতেই জিতে সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে। চট্টগ্রাম আবাহনী ফুটবল একাডেমি তিনটি খেলার তিনটিতেই পরাজিত হয়ে শূন্য পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্ভাচিত হয় ডায়নামিকের আবদুল ওয়াব সোহান। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক খেলোয়াড় ও সিডিএফএ–মেয়র অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য মো. মামুন উদ্দিন।

বিকালে অনুষ্ঠিত দিনের চতুর্থ ও শেষ ম্যাচে শিকলবাহা স্পোর্টস একাডেমি ১১–০ গোলের বিশাল ব্যবধানে চট্টগ্রাম ব্রাদার্স ফুটবল একাডেমিকে বিধ্বস্ত করে। দলের আবদুল ওয়াসি আয়ান হ্যাট্রিকসহ একাই ৫টি গোল করে। এছাড়া মোহাম্মদ হাবিব ও মোহাম্মদ মাঈনুদ্দীন ২টি করে গোল দেয়। মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী এবং তানভীর হোসেন রাফি প্রত্যেকে ১টি করে গোল করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় শিকলবাহার আবদুল ওয়াসি আয়ান। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ নুরুল আবছার। শিকলবাহা তিন খেলা শেষে ৬ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে চট্টগ্রাম ব্রাদার্স ফুটবল একাডেমি সমান খেলায় কোন পয়েন্ট পায়নি।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান গেমসের পর্দা নামল বাংলাদেশের প্রাপ্তি ১টি ব্রোঞ্জ
পরবর্তী নিবন্ধজয়ের শত, সাদিকের অর্ধশতকে রাজশাহীকে জবাব দিচ্ছে চট্টগ্রাম