জয়ের শত, সাদিকের অর্ধশতকে রাজশাহীকে জবাব দিচ্ছে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে চট্টগ্রাম ভেন্যুতে রাজশাহীর প্রথম ইনিংসে তোলা ৩৬৪ রানের জবাবে চট্টগ্রাম কোনো উইকেট না হারিয়ে ১৯০ রান তুলেছে। দুই ওপেনার মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি এবং সাদিকুর রহমানের অর্ধশতকে চট্টগ্রামের শুরুটা হয়েছে দারুণ। জয় ১০২ এবং সাদিকুর রহমান ৮৬ রান করে অপরাজিত আছেন। জয়ের এ সেঞ্চুরিটি জাতীয় লিগের ২৮তম আসরের প্রথম সেঞ্চুরি। জয়ের সেঞ্চুরির দিনে শতরানের হাতছানি নিয়ে দিন শেষ করেন তাঁর উদ্বোধনী জুটির সঙ্গী সাদিকুর রহমান। টেস্ট দল থেকে ছিটকে পড়া ওপেনার জয় নতুন মৌসুম শুরু করলেন প্রথম ইনিংসেই দারুণ এক সেঞ্চুরি দিয়ে। এতে করে আবার জাতীয় দলে ফেরার দাবি জানানোর সুযোগ হলো তাঁর। এর আগে ৬ উইকেটে ২৯০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে রাজশাহী। শাকির হোসেন ও সানজামুল ইসলামের জুটি থামে ৬৪ রানে। শাকির ফেরেন ৩৪ রানে। ৩৯ রানে থামেন সানজামুল।এরপর লোয়ার অর্ডারদের নিয়ে দলকে ৩৬০ পার করান নিহাদউজ্জামান। নিহাদ অপরাজিত থাকেন ২৭ রান করে। চট্টগ্রামের হয়ে ৯৬ রান দিয়ে চার উইকেট নেন হাসান মুরাদ। এনামুল হক ৬৯ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। চট্টগ্রামের ইনিংসে জয় ও সাদিকুর শুরুটা করেন সাবধানে। প্রথম ১০ ওভারে রান ওঠে ২০। থিতু হওয়ার পর বেশ সাবলিল ব্যাটিংয়ে রান বাড়ান দুজন। জয়ের ফিফটি আসে ১০১ বলে, সাদিকুরের ৭০ বলে। ফিফটির পর অবশ্য দারুণ গতিতে ছুটতে থাকেন জয়। পরের পঞ্চাশ করে ফেলেন ৬৬ রানেই। এসএম মেহেরবের বলে দুই রান নিয়ে পৌঁছে যান তিনি শতরানে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬ ম্যাচে জয়ের সপ্তম সেঞ্চুরি এটি। এই ইনিংসের পথে পেরিয়ে যান এই সংস্করণে তিন হাজার রানও। দিন শেষে ৮ চার ও ২ ছক্কায় ১৭০ বলে ১০২ রানে অপরাজিত তিনি। ১২ চারে ১১৮ বলে ৮৬ রানে অপরাজিত সাদিকুর।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বড়উঠান এবং ডায়নামিক
পরবর্তী নিবন্ধতাদের প্রতি আমি খুবই বিরক্ত ও ক্ষুব্ধ, মৃত্যুর গুজবে আবুল হায়াত