হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে বরেণ্য অভিনেতার আবুল হায়াতের মৃত্যুর গুজব ছড়ানো হয়। এমন গুজব ছড়ানোয় বিরক্ত বিরক্ত ও বিব্রত কিংবদন্তি অভিনেতা। খবর বাংলানিউজের। এ বিষয়ে আবুল হায়াত গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
তিনি বলেন, আমি একদম ঠিক আছি। গতকাল থেকে এমন খবর ছড়িয়েছে। প্রথমে বিষয়টি পাত্তা না দিলেও আজ দেখছি, সীমা অতিক্রম করেছে। দেশ–বিদেশে থাকা আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনেরা একের পর এক ফোন করছেন। কেউ কেউ তো কাঁদছিলেনও। বিষয়টি খুবই বিরক্তিকর এবং বিব্রতকর। যারা এমন গুজব ছড়াচ্ছেন তাদের উদ্দেশে আবুল হায়াত বলেন, যারা এসব খবর ছড়াচ্ছেন, তাদের প্রতি আমি খুবই বিরক্ত ও ক্ষুব্ধ। একজন জীবিত মানুষকে এভাবে মেরে ফেলা যায় না। এর ফলে শুধু ওই মানুষটিই নয়, তার পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও ভীষণ কষ্ট পান।











