এশিয়ান গেমসের পর্দা নামল বাংলাদেশের প্রাপ্তি ১টি ব্রোঞ্জ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

এশিয়ান গেমসের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নেমেছে আইচি–নাগোয়া এশিয়ান গেমসের। এবারও আধিপত্য চীনের। এ নিয়ে টানা ১২বারের মতো দলগত সেরা তারা। সেখানে বাংলাদেশের প্রাপ্তি স্রেফ একটা ব্রোঞ্জ। তাও আবার উশুতে চতুর্থ হওয়ার সুবাদে। ৮১৫ জনের বহর নিয়ে জাপানে গিয়ে ১৬৯টি সোনা, ৮৯টি রুপা ও ৮৩টি ব্রোঞ্জ মিলিয়ে ৩৪১টি পদক জিতে দলগত সেরা হয়েছে চীন। দ্বিতীয় স্থানে থাকা স্বাগতিক জাপান ৮৩টি সোনা, ৯৫টি রুপা ও ৯১টি ব্রোঞ্জ মিলিয়ে জিতেছে ২৬৯টি পদক। যুদ্ধ ও নানা প্রতিকূলতার মধ্যে থাকা ইরানের অ্যাথলেটরাও দেশে ফিরেছে ১৯টি সোনা, ১৮টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ নিয়ে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতই কেবল আছে পদক তালিকার সেরা পাঁচে। ২১টি সোনা, ২৭টি রুপা ও ৩৭টি ব্রোঞ্জ জিতেছে তারা। শ্রীলঙ্কা একটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ পেয়েছে। পাকিস্তান পেয়েছে দুইটি রুপা ও আটটি ব্রোঞ্জ। দুটি ব্রোঞ্জ পেয়েছে নেপাল। সেখানে বাংলাদেশের প্রাপ্তি একটি ব্রোঞ্জ। বাংলাদেশের বহর অবশ্য ছোট ছিল না মোটেও। নারী–পুরুষ মিলিয়ে অ্যাথলেটের সংখ্যা ছিল ১৮৭ জন। এদের মধ্যে ভাগ্যগুণে ‘সবেধন নীলমনি’ জিন্নাত আক্তার। তার ব্রোঞ্জ পাওয়ার সুবাদে ১৯৮৬ সালের আসরে বক্সার মোশাররফ হোসেনের ব্রোঞ্জ জয়ের পর, ব্যক্তিগত ইভেন্ট থেকে দ্বিতীয় পদক পেল বাংলাদেশ। মোট ২২টি ডিসিপ্লিনে অংশ নেয় বাংলাদেশ। ফুটবল, ক্রিকেট, হকি, এ্যাথলেটিক্স, কাবাডি, শুটিং, আর্চারি,বক্সিং, ভারোত্তোলন, জিমন্যাস্টিকস, কারাতে, ফেন্সিং, সাইক্লিং, ব্যাডমিন্টন, গলফ, জুডো, টেবিল টেনিস, বিচ ভলিবল, রেসলিংসহ কোনো ইভেন্টেই দেখাতে পারেননি কোন চমক। সব মিলিয়ে এবারও ‘অংশগ্রহনই মূল কথা’– এর বৃত্তেই থাকল বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধসাঁতারে কুমিল্লা উপ-অঞ্চল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধদ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বড়উঠান এবং ডায়নামিক