চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত বকুল অঞ্চলের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়ার অধীন সাঁতারে ১৪৫ পয়েন্ট পেয়ে কুমিল্লা উপ–অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে। ৬৫ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে সিলেট উপ–অঞ্চল। গতকাল রোববার সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩ অঞ্চলের প্রতিযোগীদের মধ্যে বালক বড় গ্রুপে চাঁদপুর জেলার বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র লিমন উদ্দিন, বালক মধ্যম গ্রুপে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র অনিরুদ্ধ দাশ, বালিকা বড় গ্রুপে কুমিল্লা মডার্ন স্কুলের ছাত্রী অদিথি নাগ, বালিকা মধ্যম গ্রুপে সিলেট বানিয়াচং টেকনিক্যাল স্কুলের ছাত্রী খাদিজা বেগম সেরা হওয়ার গৌরব অর্জন করে। বকুল অঞ্চলের বিজয়ী সাঁতারুরা আগামী মঙ্গলবার থেকে কুমিল্লা জেলা সদরে অনুষ্ঠিতব্য জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির চূড়ান্ত আসরে অংশগ্রহণের সুযোগ লাভ করবে। প্রতিযোগিতা শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সরকারি মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মোর্শেদুজ্জামানের সভাপতিত্বে এবং সাবেক জেলা শিক্ষা অফিসার আলমগীর কবিরের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ–পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ দিদারুল আলম ও চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল আজিজ। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ–পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী ও বান্দরবান জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন।











