তীব্র আর্থিক চাপের মুখে ব্যাপক ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে ক্রীড়া বিভাগ থেকে অন্তত ৪১টি পদ বিলুপ্ত করতে যাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পাশাপাশি সার্বিকভাবে প্রতিষ্ঠানটিতে অন্তত ৩৬ জন চাকরি হারাতে পারেন। খবর বিডিনিউজের।
আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টে বৃহস্পতিবার প্রকাশিত এক খবরে বলা হয়, এরইমধ্যে ছাঁটাই প্রক্রিয়া সহজ করতে কর্মীদের জন্য স্বেচ্ছায় অবসর নেওয়ার সুযোগ দিচ্ছে বিবিসি। এর উদ্দেশ্য সর্বোচ্চ সংখ্যক কর্মী যাতে এই প্রক্রিয়ায় চাকরি ছাড়তে পারেন। এসব পদ বিলুপ্তির মাধ্যমে প্রায় ২৬ লাখ পাউন্ড সাশ্রয় হবে বলে আশা করছে বিবিসি। তীব্র আর্থিক চাপের মুখে এরইমধ্যে বিবিসি বেশ কিছু টেলিভিশন শো বন্ধ করা ও উন্নয়নভিত্তিক ব্যয় সীমিত করার মত সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, যুক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশনের দেখা একটি অভ্যন্তরীণ স্মারকে দেখা গেছে বিবিসির চিফ কনটেন্ট অফিসার কেট ফিলিপস ২০২৭–২৮ অর্থবছরের মধ্যে কমিশন বাজেট থেকে অন্তত ৮ কোটি পাউন্ড কাটছাটের প্রস্তাব তৈরি করেছেন।












