ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চবি প্রতিনিধি | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের অতর্কিত হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)

গতকাল সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এ মানববন্ধনে চবিসাসের সদস্যদের পাশাপাশি ক্যাম্পাসে কর্মরত অন্যান্য সাংবাদিকরাও অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “ঢাকাসহ সারাদেশে বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর ছাত্রদল হামলা ও নির্যাতন শুরু করেছে। আপনারা যদি পেশিশক্তির মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চান, তাহলে মনে রাখবেন আপনাদের পেশিশক্তি যদি পাহাড়সম হয়, সাংবাদিকদের কলমের শক্তি আকাশসম।” চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, “ঢাবির সাংবাদিকদের ওপর এ হামলা শুধু ব্যক্তিগত আঘাত নয়; এটি ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধফতেপুর দরবার শরীফে মিলাদ মাহফিল