ঢাকা–চট্টগ্রাম অর্থনৈতিক করিডোরে ‘বুলেট ট্রেন’ চালু করতে সর্বাত্মক সহযোগিতা এবং চীনা বাজারে বাংলাদেশি পণ্যের অধিকতর প্রবেশের বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখার জন্য দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক চীনা রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। গতকাল রোববার চেম্বার সভাপতি চীনা রাষ্ট্রদূত বরাবরে চিঠি পাঠান। তিনি বলেন, চীন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। একই সাথে বাংলাদেশে ক্রমবর্ধমান বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো বাস্তবায়নের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। চেম্বার সভাপতি আশা করেন, ভবিষ্যতে দেশের বিভিন্ন সম্ভাবনাময় খাত বিশেষ করে অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, উৎপাদনশীল খাত, শিল্প খাত, ইস্পাত, বন্দর, তৈরি পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ, রিজিওনাল কানেকটিভিটি, কৃষি ইত্যাদি ক্ষেত্রে চীনের বিনিয়োগ ও সম্পৃক্ততা আরও বাড়বে এবং এতে উভয় দেশ উপৃকত হবে।
তিনি কৌশলগত ভৌগোলিক সুবিধাহেতু আঞ্চলিক লজিস্টিক ও বিনিয়োগ হাব হিসেবে ক্রমবর্ধমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা চট্টগ্রামে বিনিয়োগে এগিয়ে আসার জন্য চীনা ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে রাষ্ট্রদূতকে বিশেষভাবে অনুরোধ জানান।












