নগরীর চান্দগাঁওয়ে নির্মাণাধীন ড্রেনে কাজ করার সময় অসাবধানতাবশত স্ল্যাব (ঢাকনা) মাথায় পড়ে মো. রুবেল (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে চান্দগাঁও থানাধীন র্যাব-৭ কার্যালয়ের বিপরীত পাশে একটি ড্রেনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। রুবেল ভোলা লালমোহন এলাকার মো. শফির ছেলে। নগরীর বায়েজিদের মাইজপাড়ার মোস্তফা কলোনিতে থাকতো সে। চান্দগাঁও থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আতাউর রহমান খন্দকার জানান, ড্রেনে কাজ করার সময় মাথায় স্ল্যাব পড়ে ওই শ্রমিক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল ১০টায় ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান হাসপাতালে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার।











