চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে ১৮ জনসহ রেঞ্জের ১১ জেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল রোববার চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৩৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৬৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৬৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সময়ে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান চালিয়ে ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে ধৃত ৯৯ জনের মধ্যে মধ্যে কুমিল্লায় ৪১, চট্টগ্রামে ১৮, নোয়াখালীতে ১০, খাগড়াছড়িতে ৯, চাঁদপুরে ৬, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে ৫ জন করে, ফেনীতে ৩ এবং কক্সবাজারে ২ জন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি আটক করা হয়েছে কুমিল্লায় ১৭৪ জনকে। এছাড়া চট্টগ্রামে ৪৩, লক্ষ্মীপুরে ২৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮, কক্সবাজারে ১৬, খাগড়াছড়িতে ১৫, নোয়াখালীতে ১৪, রাঙামাটিতে ৯, চাঁদপুরে ৮, বান্দরবানে ৭ এবং ফেনীতে ৩ জনকে আটক করা হয়েছে।







