কক্সবাজারে শুরু হয়েছে তিন মাসের পর্যটন কার্নিভাল। সৈকতের শৈবাল পয়েন্ট সংলগ্ন ঝাউবাগানে ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে এই আয়োজনের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের আয়োজনে শুরু হওয়া এই কার্নিভাল চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। দেশি–বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আরো আকৃষ্ট করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরা এই কার্নিভাল আয়োজনের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
ঝাউবাগানের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে সাজানো হয়েছে কার্নিভালের পুরো আয়োজন। দিন–রাত ২৪ ঘণ্টা চলবে বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রম। কার্নিভালের অন্যতম আকর্ষণ হিসেবে ইতোমধ্যে ঝাউবাগানে তৈরি করা হয়েছে বিশাল বালুর ভাস্কর্য। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডা থেকে আসা শিল্পীরা সৈকতের বালু দিয়ে তৈরি করেছেন হাতি, বাঘ, তিমি, হাঙর ও ইলিশসহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। পাশাপাশি জাতীয় সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে গড়া বালু ভাস্কর্য। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের শ্রমজীবী মানুষের বিপন্ন জীবনও তুলে আনা হয়েছে এসব শিল্পকর্মে। নেদারল্যান্ডসের শিল্পী পল হোগার্ট ও রেমি হোগার্ট তৈরি করেছেন বিশাল হাতির ভাস্কর্য। কানাডার শিল্পী ডেভিড বিলিংস তৈরি করছেন জাতীয় সংসদ ভবনের প্রতিকৃতি। তাদের সহযোগিতা করছেন বাংলাদেশের শিল্পী জীবন রায়। তারও বালুর ভাস্কর্য তৈরিতে এক যুগের অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম বলেন, কক্সবাজারে আসা পর্যটকরা সাধারণত দুই থেকে তিন দিন অবস্থান করেন। দিনের বড় একটি সময় সৈকত ও বিভিন্ন পর্যটনকেন্দ্রে কাটালেও সন্ধ্যার পর বিনোদনের তেমন সুযোগ থাকে না। পর্যটকদের বাড়তি বিনোদন দিতে কার্নিভালে দিন–রাত ২৪ ঘণ্টা সময় কাটানোর ব্যবস্থা রাখা হয়েছে।
কার্নিভাল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আহমেদ সুপ্রতিম বলেন, কক্সবাজারকে বাংলাদেশের পর্যটনের রাজধানী বলা হয়। এখানে পর্যটকদের জন্য দিন–রাত নানা ধরনের বিনোদন ও কার্যক্রম থাকা প্রয়োজন। কার্নিভালে প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হবে। কার্নিভালের প্রতিপাদ্য ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কার্নিভাল এলাকায় ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোন, ক্যাম্পিং, গো–কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টসসহ ১৬টির বেশি জোন রাখা হয়েছে। সমুদ্রের কাছাকাছি তাঁবুতে রাতযাপনের সুযোগ, ক্যাম্পফায়ার এবং একসঙ্গে এক হাজারের বেশি মানুষের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। পর্যটকদের বিনোদনের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, কুটিরশিল্পী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ থাকছে।
পর্যটন করপোরেশনের মালিকানাধীন হোটেল শৈবালের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ জানান, হেলথ জোন, ইয়োগা জোনসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা দেশি–বিদেশি পর্যটকদের কাছে নিজেদের পণ্য তুলে ধরতে পারবেন।
কার্নিভালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান জানান, প্রায় ৩৫ একর এলাকাজুড়ে আয়োজিত এই উৎসবে নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে ফেস ডিটেকশনসহ আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে।







