ডেভিস কাপ টেনিসে শীর্ষ বাছাই বাহরাইনকে হারালো বাংলাদেশ

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:২১ পূর্বাহ্ণ

ভিয়েতনামের ফান থিয়েতে চলমান ‘ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ–৫’ টেনিস প্রতিযোগিতায় গতকাল শীর্ষ বাছাই বাহরাইনকে ২–১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ডেভিস কাপ নেশনস র‌্যাংকিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮ এবং বাংলাদেশের ১৪৮। প্রথম দিনে নেপালের কাছে হারের পর এটি এবারের আসরে বাংলাদেশের প্রথম জয়। দিনের প্রথম একক ম্যাচে কাব্য গায়েন বাহরাইনের আহমেদ আলসায়েদকে ০–৬, ৬–৩, ৬–৪ গেমে হারিয়ে বাংলাদেশকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথম সেটে হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই সেট জিতে নেয় কাব্য। ম্যাচটি ২ ঘণ্টা ধরে চলে। দ্বিতীয় একক ম্যাচে জারিফ আবরার বাহরাইনের রুশিকেশ সোনাওয়ানেকে ৭–৬(১), ৬–৪ গেমে সরাসরি সেটে হারায়। ১ ঘণ্টা ৫৯ মিনিটের এই জয়ের মাধ্যমে বাংলাদেশ টাইয়ের জয় নিশ্চিত করে। দিনের শেষ ম্যাচ দ্বৈতে জারিফ আবরার ও কাব্য গায়েন জুটি বাহরাইনের হাশিম আলতুবলি ও রুশিকেশ সোনাওয়ানে জুটির কাছে ৫–৭, ৬–৪, ৪–৬ গেমে হেরে যায়। ২ ঘন্টা ২২ মিনিটের লড়াইয়ে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফিরলেও শেষ সেটে জয় পায়নি বাংলাদেশ জুটি।

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় যুবাদের
পরবর্তী নিবন্ধআকবর ৭ গ্রুপ ক্রিকেটে উদীয়মান ও নিও একাডেমির জয়লাভ