ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার বন্ধ করা এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা। এডিস মশা সাধারণত ঘরবাড়ির আশেপাশে জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ি, আঙিনা, ছাদ, বারান্দা, দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের কোথাও পানি জমতে দেওয়া যাবে না। বালতি, ড্রাম, ফুলের টব, পড়ে থাকা টায়ার, বোতল, কৌটাসহ যেসব জায়গায় পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। সপ্তাহে অন্তত একদিন বাড়ি ও তার আশেপাশে জমে থাকা পানি খুঁজে তা অপসারণ করা উচিত। নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত জায়গা ও নালা–নর্দমায় পানি জমছে কি না, সেদিকেও নজর দিতে হবে। এডিস মশা দিনের বেলাতেও কামড়ায়। তাই প্রয়োজনে মশারি, জানালা–দরজায় জালি এবং মশা প্রতিরোধক ব্যবহার করা যেতে পারে। ডেঙ্গু হলে পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি পানি, স্যালাইন, স্যুপ ও মৌসুমি ফলের মতো পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়া উচিত। ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতাই পারে এর ঝুঁকি কমাতে।
আশিক বিন আলম সোহাগ
শিক্ষার্থী,
সমাজবিজ্ঞান বিভাগ,
চট্টগ্রাম কলেজ।











