ডেঙ্গু দমনে সচেষ্ট হোন

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:১৯ পূর্বাহ্ণ

সারাদেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বয়োবৃদ্ধ, শিশু–কিশোর কেউ নিস্তার পাচ্ছে না ডেঙ্গু থেকে। ডেঙ্গুর সংক্রমণ যেন কোনো ভাবেই কমছে না। বিশেষ করে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা। ৫ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী জানা যায় এই পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন, এই নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জন। ইতিমধ্যে প্রত্যেক বিভাগে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গু ও হামের প্রভাবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় দেশের প্রায় হাসপাতালে জায়গা খালি নেই। এখন প্রতিদিনই ডেঙ্গুতে স্বজন হারানোর খবর পাওয়া যাচ্ছে। জনমনে ডেঙ্গু নিয়ে শঙ্কা কোনো ভাবেই কাটছে না। ডেঙ্গু সংক্রমণ থেকে বাঁচতে হলে আমাদের করণীয় হলো; বাড়ির আঙ্গিনা, ঝোপঝাড় পরিষ্কার রাখা, এসি–ফ্রিজের ট্রেতে জমে থাকা পানি পরিষ্কার করা, বাইরে কোনো পাত্রে টব বা ডাবের খোশায় পানি জমতে না দেওয়া এবং প্রতিদিন মশারি ব্যবহারের অভ্যাস করা।

জনসচেতনতার অভাব ও আগে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরি পদক্ষেপ না থাকার ফলে ডেঙ্গুর প্রকোপ কোনো ভাবেই কমানো যাচ্ছে না। ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারের পাশাপাশি আমাদের সচেতন হওয়া নেহাত জরুরি। চলুন ডেঙ্গু প্রতিরোধে আমরা সকলে সচেতন হই।

আলতাফ হোসেন হৃদয় খান

পাঁচলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকাজী মোতাহার হোসেন : মুক্তচিন্তার প্রবাদপুরুষ
পরবর্তী নিবন্ধহিংসুটে মন