ট্রাফিক পুলিশের হাতে আটক জাল টাকার কারবারি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

জাল টাকা দিয়ে প্রতারণাকালে ট্রাফিক পুলিশের হাতে আটক হয়েছেন আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে জিইসি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আনোয়ারা থানার বসির তালুকদার বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের সার্জেন্ট মো. শামিম আলম বলেন, প্রায় সময় জিইসি এলাকায় ফুটপাত বা দোকান থেকে জাল টাকা দিয়ে মালামাল কিনতেন আলমগীর। একশ বা দুইশ টাকার মালামাল কিনে এক হাজার টাকার জাল নোট দিয়ে বাকি টাকাগুলো ফেরত নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। শনিবার রাতে আলমগীর ফুটপাতে দোকানে আসার সঙ্গে সঙ্গে পাশের ফুটপাতের এক দোকানদার আমাদের কাছে আসেন। আমরা গিয়ে আলমগীরকে কথা বলতে বলতে পুলিশ বক্সে নিয়ে এলে হঠাৎ হাত থেকে পকেট টিস্যুর প্যাকেট ফেলে দেন। সেটা কুড়িয়ে নিয়ে দেখা যায়, সেখানে ১২ হাজার টাকার জাল নোট ও নগদ ৭০০ টাকা রয়েছে। পরে তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়। খুলশী থানার ওসি সন্তোষ চাকমা আজাদীকে বলেন, আলমগীর হোসেনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ (রোববার) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক এলিট
পরবর্তী নিবন্ধহাটহাজারীর ইউএনওর সরকারি ফোন নাম্বার ক্লোন