টেকনাফে মাটি খুঁড়ে মিলল ৩০ কোটি টাকার মাদক, বিদেশি পিস্তল

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর এক বিশেষ অভিযানে মাটি খুঁড়ে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ লাখ পিস ইয়াবা এবং দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। অভিযানে নুরুল কবির নামে পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার ভোরে হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার একটি ইটভাটায় এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার।

নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে আলিখালি এলাকার ওই ইটভাটায় তল্লাশি চালায় নৌবাহিনীর সদস্যরা। এ সময় মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫ কেজি আইস ও ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া তল্লাশিতে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। অভিযান চলাকালে নুরুল কবিরকে আটক করা হয়, যার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার জানান, জব্দকৃত মাদক ও অস্ত্র পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে নৌবাহিনীর এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে একীভূত পাঁচ ব্যাংকের শাখায় গ্রাহকদের বিক্ষোভ, তালা
পরবর্তী নিবন্ধফাঁকির ৫৩২ কোটি টাকা আদায় করেছে আয়কর গোয়েন্দা