টাকা না দেওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনের ছাদ থেকে ফেলে একজনকে হত্যা ও দুই জনকে জখমের ঘটনার রহস্য উদঘাটন করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনের মধ্যে একজনকে আইনের আওতায় আনা হয়েছে। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে অপ্রাপ্তবয়স্ক (শিশু) হওয়ায় তার নাম, ঠিকানা প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
রেলওয়ে পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেন ছাড়ার সময় ছাইম, পলাশ ও চাঁদ নামের ৩ জন ট্রেনের ছাদে ওঠে। এ সময় তাদের বয়সী আরো ২ জন ট্রেনের ছাদে ওঠে। পরে আনুমানিক রাত সাড়ে ৭টা থেকে ৮ টার মধ্যে অচেনা দুইজন ছাইম, পলাশ ও চাঁদের কাছে টাকা দাবি করে। টাকা দিতে না পারায় দুইজন ছাইম, পলাশ ও চাঁদকে মারধর করে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়।
পরে পলাশ ও চাঁদকে লাকসাম রেলওয়ে থানার বাগমারা বাজারের পার্শ্বে গুরুতর জখম অবস্থায় এবং ফতেহপুর রেললাইনের পাশ থেকে ছাইমের লাশ উদ্ধার করা হয়। পরদিন এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নেতৃত্বে আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে শুরু হয় বিশেষ অভিযান। এক পর্যায়ে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় একজনকে পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার করা হয়।













