ওয়ার্ডভিত্তিক কেন্দ্রে উপজেলায়ও দেয়া হবে শিশুদের টিকা

সংশ্লিষ্টদের ট্রেনিং আজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৩ পূর্বাহ্ণ

মহানগরের পর এবার জেলা-উপজেলা পর্যায়েও ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১১ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আর উপজেলা পর্যায়ে শিশুদের এ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সহ সংশ্ল্লিষ্টদের একদিনের প্রশিক্ষণের (ট্রেনিং) আয়োজন করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ দেয়া হবে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা পর্যায়ে শিশুদের টিকাদান কার্যক্রমের প্রস্তুতি হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, উপজেলা পর্যায়ের প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক একটি করে কেন্দ্র করা হবে। নির্দিষ্ট একটি স্কুলে এ কেন্দ্র করা হতে পারে। ওই নির্দিষ্ট কেন্দ্রেই শিশুদের টিকাদান কার্যক্রম চলবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শিশুদের
টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে ১৫ উপজেলার ১৫ জন ইউএইচএফপিও, ১৫ জন মেডিকেল অফিসার, ১৫ জন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এবং ১৫ জন স্বাস্থ্য পরিদর্শককে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের গত ১৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী- মহানগরসহ চট্টগ্রাম জেলায় ৫-১১ বছরের প্রায় সাড়ে ১০ লাখ শিক্ষার্থীকে করোনার টিকাদানের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মাঝে সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে প্রায় চার লাখ। বাকি সাড়ে ৬ লাখ শিক্ষার্থী উপজেলা পর্যায়ের। গত ২৪ আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এই বয়সী (৫-১১ বছরের) শিশু শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম উদ্বোধন হয়।

পূর্ববর্তী নিবন্ধইভিএম নিয়ে কোন দল কী বলে গেছে, প্রকাশ করে দেব : আলমগীর
পরবর্তী নিবন্ধটাকা না দেওয়ায় ট্রেনের ছাদ থেকে তিনজনকে ফেলে দেয় তারা