ইভিএম নিয়ে কোন দল কী বলে গেছে, প্রকাশ করে দেব : আলমগীর

| সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫১ পূর্বাহ্ণ

সংলাপে ইভিএমের পক্ষে-বিপক্ষে কোন রাজনৈতিক দল কোন অবস্থানে ছিলেন, ‘ডকুমেন্ট’ প্রকাশের পর তা স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সংলাপ শেষে নির্বাচন কমিশন অধিকাংশ দলের কাছ থেকে ইভিএম ব্যবহারের পক্ষে মত পাওয়ার দাবি করলে তা নিয়ে প্রশ্ন ওঠে। মতামত পাল্টে দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে আলমগীর গতকাল রোববার সাংবাদিকদের বলেন, তারা সংলাপের ভিডিও ও নথিপত্র প্রকাশ করলেই বিষয়টি ‘স্পষ্ট’ হয়ে যাবে। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে কর্মপরিকল্পনা নিয়ে বুধবার রোডম্যাপ প্রকাশ করে ইসি। তাতে বলা হয়, সংলাপে অংশগ্রহণকারী ২৯টি দলের মধ্যে ইভিএমের পক্ষে মত দিয়েছে ১৭টি রাজনৈতিক দল। বিপক্ষে মত দিয়েছে ১২টি দল। ইভিএমের বিপক্ষে বললেও রোডম্যাপে পক্ষে দেখানো হয়েছে বলে কয়েকটি দল এরই মধ্যে অভিযোগ তুললেও আলমগীরের দাবি, ইসির রোডম্যাপে প্রকাশিত তথ্যই ‘সঠিক’। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মতামত পাল্টে দেওয়ার অভিযোগ ঠিক তো নয়ই। কারণ, পুঙ্খাপুঙ্খরূপে একাধিকবার যাচাই করেছি। যেটায় যিনি বিপক্ষে বলেছেন, তাকে আমরা পক্ষে লিখিনি। যারা সরাসরি পক্ষে বলেছেন, তাদেরটাও বিপক্ষে নিইনি। খবর বিডিনিউজের।
ইসির রোডম্যাপের তথ্য অনুযায়ী, সরাসরি ইভিএমের বিপক্ষে মত দিয়েছে ৬টি দল; শর্তসাপেক্ষে ইভিএমের পক্ষে ১১টি রাজনৈতিক দল মত দিয়েছে। ইসিতে নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে ইভিএম নিয়ে সংলাপের সময় নয়টি দল সংলাপে যায়নি। বিএনপিসহ এই দলগুলো ইভিএমের বিরোধিতা করে আসছে। আবার সার্বিক বিষয় নিয়ে পরের সংলাপ সাতটি দল বর্জন করে। নির্বাচন কমিশনার আলমগীর বলেন, কিছু কিছু রাজনৈতিক দল আলোচনায় যা লিখে নিয়ে এসেছিল, শেষ পর্যন্ত সেই অবস্থানে ছিল। আর কিছু দল ছিল যারা লিখে যা নিয়ে এসেছিল, আলোচনায় ভিন্ন মত দিয়েছিল। আমরা সেই আলোচনার পরিপ্রেক্ষিতে করেছি; আমরা তো লিখিত মতামত চাইনি।

পূর্ববর্তী নিবন্ধআবু মহসীন পুনরায় এনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধওয়ার্ডভিত্তিক কেন্দ্রে উপজেলায়ও দেয়া হবে শিশুদের টিকা