বাছাইকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে তিন জেলায় একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান হওয়ার পথে এগিয়েছেন তিন প্রার্থী; যা নিয়ে এবারের জেলা প্রশাসন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন ২২ জন। গতকাল রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে কুমিল্লা, কুড়িগ্রাম ও নাটোরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এতে ওই তিন জেলায় একজন করে বৈধ প্রার্থী আছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক। খবর বিডিনিউজের। তিনি এদিন মাঠ পর্যায়ের সমন্বিত তথ্য তুলে ধরেন। এদিন বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আপিলে তা ফিরে না পেলে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এর আগে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ১৯টি জেলা পরিষদে চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিলেন। সেদিন ৬১ জেলায় চেয়ারম্যান পদে মোট ১৬২ জন মনোনয়নপত্র জমা দেন।













